Image description

ইরানের অন্তত চারটি প্রধান ব্যাংকে সীমিত আকারের সাইবার হামলা চালানো হয়েছে। এতে সাময়িকভাবে কিছু ব্যাংকিং সেবা বিঘ্নিত হলেও গ্রাহকদের কোনো তথ্য চুরি বা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ।

রোববার (১৪ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ইরানের ব্যাংকিং সমন্বয় পরিষদের বিবৃতিতে বলা হয়, ব্যাংকগুলোর একটি যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হয়েছে। হামলার শিকার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারত, ব্যাংক সাদোরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান।

হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই কারিগরি দল দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর ফলে কিছু সময়ের জন্য ব্যাংকিং সেবা ব্যাহত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলার মাধ্যমে কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য হ্যাক বা মুছে ফেলা হয়নি। বর্তমানে ব্যাংকগুলোর সব সেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে।

সূত্র: রয়টার্স।