Image description

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৩ লাখ ৪৫ হাজার টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) দিবাগত রাত থেকে রোববার (১৪ জুন) ভোর পর্যন্ত চলা এই অভিযানে ৩৫০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা এবং একটি তলোয়ারসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শফিকুল হাসান মানিক (২৭)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মো. মমিন (৫৫) ও মো. শান্ত (২৮) নামের আরও দুই মাদক কারবারি পালিয়ে যান।

সবুজবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ১০টার দিকে এসআই মো. আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একটি চৌকস দল পশ্চিম মাদারটেক মিনারা গলির একটি ফ্ল্যাটে অভিযান চালায়। ওই ফ্ল্যাটটি পলাতক আসামি মমিন ভাড়া নিয়ে মাদক ও অস্ত্রের আস্তানা হিসেবে ব্যবহার করছিলেন।

অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৩ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ওই আস্তানা থেকে ৩ ফুট লম্বা একটি ধারালো তলোয়ার, বিভিন্ন সাইজের ৪টি চাপাতি এবং ২টি চাকু জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক কারবার রক্ষায় ব্যবহার করা হতো।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সুমন জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে পৃথক দুটি মামলা (মামলা নং ১৬ ও ১৭) দায়ের করা হয়েছে। পলাতক মমিন ও শান্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, "অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য সরকার 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছে। নিয়মিত কাজের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক, অর্থ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ জাতীয় অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

মানবকণ্ঠ/ডিআর