Image description

গত দুই দশকের অব্যবস্থাপনা ও অবহেলায় দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষার মানকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে বিবেচনা করা হয়, যা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল

ববি হাজ্জাজ বলেন, অতীতে প্রাথমিক ও গণশিক্ষা খাতে চরম নৈরাজ্য চলেছে। এর ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। শিক্ষার এই দুরবস্থা কাটিয়ে উঠতে সরকার কারিকুলাম সংস্কার, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের উন্নয়ন এবং শিক্ষা অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমকে পাঠ্যক্রমের অংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, কিছু মহল সাংস্কৃতিক শিক্ষাকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে, যা অনাকাঙ্ক্ষিত।

বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি আশাবাদী বাজেট। এতে সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) এবং পুরোনো শিল্প-কারখানা পুনরুজ্জীবনের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান এবং শিক্ষা সংস্কারের পথে সহযোগিতার আহ্বান জানান।