Image description

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

আবেদনকারী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিটে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পাশাপাশি ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-এর কয়েকটি বিধানের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনকারীর দাবি, ওই আইনের আওতায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হয়।

এর আগে গত ২৭ মে, ঈদুল আজহার আগে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিভিন্ন দিক উঠে আসে বলে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত লোকসমাগম, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, পর্যাপ্ত বিকল্প ভেন্টিলেশনের অভাব এবং বাতাসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, তদন্ত প্রতিবেদনের পর্যবেক্ষণ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের ফলে হাসপাতালটির চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিষয়টি এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মানবকণ্ঠ/আরআই