ময়মনসিংহে একই দিনে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সর্বশেষ জেলার আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। মুহূর্তেই ইঞ্জিন থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করলে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। আগুনে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় মাঝপথেই আটকা পড়ে ট্রেনটি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ইঞ্জিনে আগুন ও ধোঁয়া দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটি নিরাপদে থামানো হয়। খবর পেয়ে বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে ময়মনসিংহে নিয়ে আসার পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
পরে ইঞ্জিনের হুক মেরামত শেষে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করলে ওই রুটে যোগাযোগ স্বাভাবিক হয়।
একই দিনে পরপর দুটি ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।




Comments