Image description

বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পরই কোচকে বরখাস্ত করেছে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন। সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের পরাজয়ের পর প্রধান কোচ সাবরি লামোচিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার ক্রীড়া গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন।

‘এফ’ গ্রুপে তিউনিশিয়ার বাকি দুটি ম্যাচ জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। শক্তিশালী এই দুই দলের মুখোমুখি হওয়ার আগে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারায় দলটির নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। অনেকেই আশা করেছিলেন, বিরতির পর বিশ্বকাপে ফেরা সুইডেনের বিপক্ষে অন্তত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে তিউনিশিয়া। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ায় কোচের ওপর ক্ষোভ ঝেড়েছে ফেডারেশন।

গত ৩১ জানুয়ারি তিউনিশিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাবরি লামোচি। ফ্রান্সের সাবেক এই ফুটবলারের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি ছিল। তবে দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে চাকরি হারাতে হলো তাকে।

তার অধীনে তিউনিশিয়া পাঁচটি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি ম্যাচে জয়, একটি ড্র এবং তিনটি ম্যাচে হার এসেছে।

এখন জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই নতুন কোচ বা অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিতে হবে তিউনিশিয়াকে। সম্ভাব্য কোচ হিসেবে ওয়াহবি খাজরি ও মন্ধার কেবায়ারের নাম আলোচনায় রয়েছে।

বিশ্বকাপ চলাকালে প্রথম ম্যাচের পরই কোচ বরখাস্ত হওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। তবে বড় হারের পর তিউনিশিয়া ফুটবল ফেডারেশন কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি।