সংযুক্ত আরব আমিরাত সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কনটেন্ট সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ৩,৫০০ পাকিস্তানি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করেছে।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য নেশন–এর বরাতে জানা যায়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জাতীয় পরিষদকে এ বিষয়ে অবহিত করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালীন সময়ে অনলাইনে কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে আইন ভঙ্গের কারণে এসব বহিষ্কারের ঘটনা ঘটে।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের সম্পদ ও ব্যক্তিগত জিনিসপত্র প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসারে তাদের বৈধ উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া বিদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কনটেন্ট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সরকার।
প্রায় ১৮ লাখ পাকিস্তানি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস ও কর্মরত আছেন। তারা প্রতিবছর পাকিস্তানে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠান, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




Comments