Image description

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস পাহাড়ি আঁকাবাঁকা সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করা বাসটি কম্বোলচা অঞ্চলের একটি বিপজ্জনক পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার পর এটি গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় এবং জরুরি সেবা ব্যবস্থার ঘাটতির কারণে উদ্ধার কার্যক্রমে বড় ধরনের বিলম্ব ঘটে। ফলে স্থানীয়রা ও সাধারণ যানবাহনের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক আহতের মৃত্যু হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ইথিওপিয়ায় পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/আরআই