২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই অনন্য এক উচ্চতায় পৌঁছালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর এক বিরল রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচ। খেলা শুরুর মাত্র ১৭ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের পাস থেকে এক দর্শনীয় গোল করেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।
এই গোলের মাধ্যমে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির গড়লেন মেসি। এতদিন এই অনন্য রেকর্ডটি এককভাবে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে ছিল। এখন থেকে সেই রেকর্ডে ভাগ বসালেন মেসিও।
এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছিলেন এলএমটেন। তবে ২০১০ সালের বিশ্বকাপে তিনি কোনো গোলের দেখা পাননি। ২০২৬ আসরে গোলের খাতা খুলে তিনি রোনালদোর পাশে নিজের নাম লেখালেন।
রেকর্ডের দিনে মেসি আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সিতে তার ২০০তম ম্যাচ। ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক ছুঁলেন তিনি।
একইসঙ্গে ১০ নম্বর জার্সি গায়ে পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন এই ‘ফুটবলের জাদুকর’।
মানবকণ্ঠ/ডিআর




Comments