আগামী শুক্রবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৬ জুন) ইরানের একজন ঊর্ধ্বতন কূটনীতিক এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরান সরকারের ওয়েবসাইট ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচির বরাত দিয়ে জানানো হয়েছে, অবরোধ প্রত্যাহারের বিষয়টি তেহরানের পক্ষ থেকে শুরু থেকেই অন্যতম প্রধান শর্ত ছিল। মাজিদ তাখত-রাভানচি বলেন, “অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেয়া হয়েছে।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানিয়েছিলেন, তিনি অবিলম্বে নৌ অবরোধ তুলে নেওয়ার অনুমোদন দিচ্ছেন। তবে মার্কিন সামরিক বাহিনীসহ বহুজাতিক নৌ অভিযান সংস্থা ‘জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার’ সোমবার জানিয়েছিল, শুক্রবার চুক্তি কার্যকর হওয়ার আগে পর্যন্ত অবরোধ বহাল থাকবে। শেষ পর্যন্ত ট্রাম্পের ঘোষণার প্রতিফলন ঘটিয়ে মঙ্গলবারই তা প্রত্যাহার করা হলো।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান যে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যে সই হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি বাহিনীর যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলায় তেহরান ইসরাইল ও মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এক পর্যায়ে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতেই ইরানের বন্দর ও জাহাজের ওপর কঠোর নৌ অবরোধ আরোপ করেছিল ওয়াশিংটন। দীর্ঘ দুই মাস পর সেই অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments