Image description

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চলমান সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ঐতিহাসিক শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ সম্মেলনে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ট্রাম্প। মঙ্গলবার সম্মেলনের এক অবসরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হিজবুল্লাহকে দমনের পক্ষে তিনি থাকলেও ইসরায়েল যেভাবে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে, তা সমর্থনযোগ্য নয়। ট্রাম্পের ভাষায়, “মনে করুন আপনি কাউকে খুঁজছেন; সেজন্য প্রত্যেকবার অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে হামলার প্রয়োজন নেই। সেখানে বহু সাধারণ মানুষ বসবাস করেন, যারা হিজবুল্লাহ নন।”

ইসরায়েলের অভিযানের ধীরগতি নিয়ে বিরক্তি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হিজবুল্লাহ-লেবানন ইস্যু ইসরায়েল যেভাবে সামলাচ্ছে, তাতে আমি খুশি নই। এটা অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল। তারা এমনভাবে এগোচ্ছে যেন তাদের সামনে অনন্ত সময় পড়ে আছে। তাছাড়া তাদের এই অভিযান ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।”

বিশেষ করে গত ১৪ জুন ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার মাত্র দুই ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “চুক্তি স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে ওই হামলাটি আমার একদমই ভালো লাগেনি।”

হিজবুল্লাহ দমনে সিরিয়াকে অধিক যোগ্য মনে করেন ট্রাম্প। তিনি পরামর্শ দিয়ে বলেন, “আমার মতে ইসরায়েলের এখন উচিত হবে হিজবুল্লাহকে সিরিয়ার দায়িত্বে ছেড়ে দেওয়া। কারণ সত্যি বলতে, তারা (সিরিয়া) ইসরায়েলের চেয়ে অনেক দক্ষভাবে এই কাজটি করতে পারবে।”

সূত্র: ফক্স নিউজ ও টাইমস অব ইসরায়েল।

মানবকণ্ঠ/ডিআর