Image description

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে অস্ট্রিয়া। বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর এই ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ইউরোপের দেশটি।

ম্যাচের ২১ মিনিটে রোমানো স্মিডের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। প্রথমার্ধ ১-০ ব্যবধানে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে জর্ডান। ৫০ মিনিটে আলি অলওয়ান গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।

তবে ম্যাচের শেষ দিকে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে জর্ডান। ৭৬ মিনিটে ইয়াজান আল-আরবের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া। আর ইনজুরি টাইমের শেষ মুহূর্তে (৯০+১২ মিনিট) পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়ার ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আরনাউটোভিচ।

পরিসংখ্যান বলছে, ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখেছিল অস্ট্রিয়া। জর্ডান ১১টি শট নিয়ে আক্রমণের চেষ্টা করলেও মাত্র ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে অস্ট্রিয়া ৯টি শটের ৩টি লক্ষ্যে রেখে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়।

এই জয়ের ফলে গ্রুপ ‘জে’-এর পয়েন্ট টেবিলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রিয়া। একই গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হারের ফলে জর্ডান ও আলজেরিয়া যথাক্রমে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর