বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা অবশেষে সুখবর পেয়েছেন। তার মায়ের ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে ছেলের খেলা দেখতে পারবেন।
ম্যাচ শেষে ভোজিনহা আবেগঘন কণ্ঠে জানিয়েছিলেন, আর্থিক সীমাবদ্ধতা ও ভিসা জটিলতার কারণে তার মা গ্যালারিতে বসে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি উপভোগ করতে পারেননি। সেই কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সহানুভূতি তৈরি হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আন্তর্জাতিক মহল ও ফুটবল সমর্থকদের চাপের পর বিষয়টি দ্রুত এগিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোজিনহার মা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন।
এর আগে স্পেন ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে ভোজিনহা বলেছিলেন, পরিবারের অনেক সদস্যই তার বড় মুহূর্তগুলো দেখতে পারেননি এবং এটি তার জীবনের সবচেয়ে বড় কষ্টের একটি।
ভক্তদের সহমর্মিতা ও বিশ্বব্যাপী সমর্থনের পর এখন আশা করা হচ্ছে, খুব শিগগিরই ভোজিনহা মায়ের সঙ্গে স্টেডিয়ামে সেই বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে পারবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments