Image description

চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখিয়ে জয় নিশ্চিত করে ইংলিশরা।

ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও ভিএআর পর্যালোচনায় পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান কেইন এবং এবার তিনি ভুল করেননি।

৩৬ মিনিটে মার্টিন বাতুরিনার দুর্দান্ত শটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে ছয় মিনিট পর ডেকলান রাইসের কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে আবারও এগিয়ে দেন কেইন। প্রথমার্ধের যোগ করা সময়ে পিটার মুসার গোলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে জুড বেলিংহামের গোলে ফের লিড নেয় ইংল্যান্ড। এরপর ৮৫ মিনিটে বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড গোল করে ব্যবধান ৪-২ করেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ে বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করল থমাস টুখেলের শিষ্যরা।

মানবকণ্ঠ/আরআই