Image description

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে সাহসী পারফরম্যান্স উপহার দিল উজবেকিস্তান। তবে অভিজ্ঞ ও শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় বরণ করতে হয়েছে এশিয়ার নবাগত দলটিকে।

বৃহস্পতিবার (১৮ জুন) আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের ৪০তম মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত ক্রস থেকে ডানিয়েল মুনোজ গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন। প্রথমার্ধে এই এক গোলেই লিড নিয়ে বিরতিতে যায় দক্ষিণ আমেরিকার দলটি।

দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করে উজবেকিস্তান। এর ফল হিসেবে ৬০তম মিনিটে আব্বোসবেগ ফাইজুল্লায়েভের গোলে সমতায় ফেরে তারা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পর লুইস দিয়াজ নিজেই গোল করে আবারও কলম্বিয়াকে এগিয়ে দেন।

গোল শোধে মরিয়া চেষ্টা চালালেও ম্যাচের শেষদিকে আরেকটি গোল হজম করে উজবেকিস্তান। যোগ করা সময়ে কলম্বিয়ার তৃতীয় গোল তাদের জয় নিশ্চিত করে।

হারলেও বিশ্বকাপের অভিষেক ম্যাচে উজবেকিস্তানের লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটিরও স্পষ্ট প্রমাণ মিলেছে এই ম্যাচে।

মানবকণ্ঠ/আরআই