Image description

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অরণ্য উন্মুক্ত পাঠাগারে চুরির ঘটনা ঘটেছে। এতে আলমারি ভেঙে একটি টেবিল ফ্যান ও কয়েকটি বই চুরি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত এই পাঠাগারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পাঠাগারের আলমারির কাচ ভাঙা অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে দেখা যায়, ভেতরের জিনিসপত্র খোয়া গেছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত ক্যাম্পাসে এমন চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে পাঠাগারের নিরাপত্তা ও সার্বিক নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও সেখানে নিরাপত্তা দুর্বলতা থাকলে ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই