বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে পুরোনো অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তেলেগু চলচ্চিত্রের পরিচালক কে বিজয় ভাস্কর। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মল্লিশ্বরী’ ছবির মাধ্যমে ক্যাটরিনার দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষয় ঘটে, যা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত।
একটি পুরোনো সাক্ষাৎকারে পরিচালক জানান, ক্যাটরিনা তখন অভিনয়ে একেবারেই নতুন ছিলেন এবং তাকে চরিত্রের জন্য প্রস্তুত করতে বেশ বেগ পেতে হয়েছিল। এমনকি অনেক সময় তার শারীরিক ভঙ্গিমা—যেমন কীভাবে বসতে হবে—সেটিও শিখিয়ে দিতে হতো বলে মন্তব্য করেন তিনি। তবে একই সঙ্গে তিনি ক্যাটরিনার কঠোর পরিশ্রম ও শেখার আগ্রহের প্রশংসাও করেন।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, সেই সময় ক্যাটরিনা ভারতীয় চলচ্চিত্রের পরিবেশে সম্পূর্ণ নতুন ছিলেন, ফলে রাজকন্যার মতো চরিত্রের আবেগ ও ভঙ্গি বোঝাতে বাড়তি সময় দিতে হয়েছে। তবুও তিনি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন।
বিজয় ভাস্কর আরও জানান, ‘মল্লিশ্বরী’ ছবিতে ক্যাটরিনাকে নেওয়া ছিল তার ব্যক্তিগত সিদ্ধান্ত, যা প্রযোজকের জন্য শুরুতে চ্যালেঞ্জ তৈরি করেছিল। এক পর্যায়ে বিকল্প অভিনেত্রী নিয়েও ভাবা হয়েছিল, এমনকি একাধিক নাম বিবেচনায় আসে।
শেষ পর্যন্ত পরিচালকের সিদ্ধান্তই বহাল থাকে এবং ক্যাটরিনা কাইফ সেই চরিত্রে অভিনয় করেন। পরে এই চলচ্চিত্রই তাকে পরিচিতি এনে দেয় এবং ভারতীয় সিনেমায় তার ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে।
সূত্র: এনডিটিভি
মানবকণ্ঠ/আরআই




Comments