Image description

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েন-কে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত সাকলায়েনের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে চিত্রনায়িকা পরীমনি-র সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে একসঙ্গে সময় কাটানোর ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরে অভিযোগের জবাব ও ব্যক্তিগত শুনানি গ্রহণের পর তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তদন্তকারী কর্মকর্তা ২০২৩ সালের ১২ ডিসেম্বর প্রতিবেদন জমা দিয়ে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন। এরপর ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সাকলায়েন ১০ মার্চ তার জবাব দেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তদন্ত প্রতিবেদন, কারণ দর্শানোর জবাব এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনা করে তার বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে মতামত চাওয়া হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরামর্শ দেয়।

পরবর্তীতে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন ১৭ জুন এ সিদ্ধান্তে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(খ) ধারা অনুযায়ী সাকলায়েনকে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড দেওয়া হয়েছে।

পরীমনি ও সাকলায়েনকে ঘিরে আলোচিত ঘটনাটি ২০২১ সালে ব্যাপকভাবে আলোচনায় আসে এবং এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছিল।