দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের আলোচিত দম্পতি সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমরু-কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে স্ত্রী সামান্থাকে প্রকাশ্যে ‘লাভ ইউ’ বলতে অস্বীকৃতি জানানোয় সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে রাজের মন্তব্য।
গত ডিসেম্বরে আধ্যাত্মিক পরিবেশে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সামান্থা ও রাজ। বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন অভিনেত্রী। তবে নতুন সিনেমা মা ইন্তি বাঙ্গারাম-এর প্রচারণায় একসঙ্গে হাজির হয়ে আবারও আলোচনায় আসেন এই দম্পতি।
অনুষ্ঠানে সামান্থার অভিনয় দক্ষতা, পরিশ্রম ও প্রস্তুতির ভূয়সী প্রশংসা করছিলেন রাজ। এ সময় দর্শকদের পক্ষ থেকে তাকে মঞ্চেই স্ত্রীকে ‘লাভ ইউ’ বলার অনুরোধ জানানো হয়। বিষয়টি বুঝে নেওয়ার পর রাজ বলেন, সামান্থাকে তো অনেকেই প্রতিনিয়ত ‘লাভ ইউ’ বলেন, দর্শকরাও এখন সেটাই বলছেন। তাই এই কথাটিতে নতুনত্বের কিছু নেই।
রাজের এমন মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে-বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই কি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে? কেউ কেউ আবার ধারণা করেন, সামান্থার বিপুল জনপ্রিয়তা নিয়ে হয়তো অস্বস্তিতে রয়েছেন রাজ।
তবে পরবর্তীতে নিজের বক্তব্যে সেই জল্পনার জবাবও দেন তিনি। সামান্থার দিকে তাকিয়ে রাজ বলেন, একজন অসাধারণ অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা তার জন্য দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। ওই মুহূর্তে তিনি সামান্থাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখছিলেন এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই কথা বলেছেন।
রাজের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ব্যক্তিগত সম্পর্কের আবেগ ও ভালোবাসা তিনি জনসমক্ষে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বরং পেশাগত মঞ্চে তিনি সামান্থাকে সহকর্মী ও অভিনেত্রী হিসেবেই মূল্যায়ন করতে চান। ফলে ‘লাভ ইউ’ না বলার ঘটনাকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছে, সেটিকে অনেকেই দম্পতির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার চেষ্টা বলেই মনে করছেন।




Comments