আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে আবারও ‘পরীক্ষা পদ্ধতি’ চালু করতে যাচ্ছে সরকার। দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতির পরিবর্তে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষাটি মূলত “নামমাত্র পরীক্ষা” হবে। এতে কোচিং নির্ভরতার সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, ক্যাচমেন্ট এরিয়া এবং পরীক্ষার ফল এই দুইয়ের সমন্বয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
তিনি আরও জানান, আগের ভর্তি পরীক্ষার সময় অনিয়মের অভিযোগ থাকায় ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারি পদ্ধতি চালু করা হয়েছিল। পরবর্তীতে এটি বেসরকারি বিদ্যালয়েও প্রযোজ্য হয়। পরে কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ সাল থেকে সব শ্রেণিতে লটারি পদ্ধতি বাধ্যতামূলক করা হয়, যা এতদিন চলমান ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ছয় বছর পর আবারও স্কুল ভর্তি প্রক্রিয়ায় পরীক্ষা ব্যবস্থা ফিরছে।




Comments