বিশ্বকাপে ছেলের বীরত্ব দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রের পথে গোলরক্ষক ভোজিনহার মা
ফুটবল যে কেবল মাঠের লড়াই নয়, বরং এক গভীর মানবিক আবেগ ও ত্যাগের গল্প, তার অনন্য এক উদাহরণ তৈরি করলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ও তার মা আনা কান্দিদা এভোরা। বিশ্বকাপে ছেলের অতিমানবীয় পারফরম্যান্স গ্যালারিতে বসে দেখার স্বপ্ন পূরণ করতে অবশেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি।
বুধবার (১৭ জুন) কেপ ভার্দের সাও ভিসেন্তে দ্বীপের সেসারিয়া এভোরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে বিমানে চড়েন আনা কান্দিদা। যাত্রার আগে বিমানবন্দরে নাতি মারভিন জুনিয়র ও নাতনি লাইস সোফিয়ার সঙ্গে তার তোলা কিছু আবেগঘন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী স্পেনের বিপক্ষে অজেয় দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনহা। একের পর এক দুর্দান্ত ‘সেভ’ করে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দেকে ঐতিহাসিক এক পয়েন্ট এনে দেন তিনি। ম্যাচ শেষে যখন পুরো বিশ্ব তাকে প্রশংসায় ভাসাচ্ছিল, তখন সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন এই গোলরক্ষক।
তিনি জানিয়েছিলেন, তার মা আনা কান্দিদা ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন। কিন্তু ভিসা জটিলতা আর আকাশচুম্বী ভ্রমণ খরচ জোগাড় করতে না পারায় মা আসতে পারেননি। বিশ্বকাপে খেলার আজীবনের স্বপ্ন পূরণ হলেও গ্যালারিতে মায়ের অনুপস্থিতি তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল।
ভোজিনহার সেই আর্তনাদ ও চোখের জল মুহূর্তেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়। ফুটবলপ্রেমীরা বুঝতে পারেন, একজন অ্যাথলেটের সফলতার পেছনে কত শত না বলা অভাব আর পারিবারিক ত্যাগের গল্প লুকিয়ে থাকে। সেই আবেগঘন বার্তার পর অবশেষে সব বাধা পেরিয়ে মা পাড়ি দিচ্ছেন ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে।
ফুটবল বিশ্বের অগণিত মানুষ এখন সেই মুহূর্তের অপেক্ষায়, যখন গ্যালারিতে মায়ের উপস্থিতিতে আবারও পোস্টের নিচে দুর্গ হয়ে দাঁড়াবেন কেপ ভার্দের এই লড়াকু গোলরক্ষক।
মানবকণ্ঠ/ডিআর




Comments