Image description

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরেছে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শ, ফলে প্রথমে বোলিংয়ে নামছে বাংলাদেশ।

সিরিজ বাঁচানোর এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান। শরীফুলের জায়গায় দলে এসেছেন গতির ঝড় তোলা তরুণ পেসার নাহিদ রানা। অন্যদিকে মেহেদীর পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার নাসুম আহমেদ।

নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকেই মাঠের বাইরে। ফলে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মতো আজও দলের নেতৃত্ব দিচ্ছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। লিটনের অনুপস্থিতিতে দলের ব্যাটিং গভীরতা ও নেতৃত্ব নিয়ে কিছুটা চাপ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

সিরিজের প্রথম ম্যাচে হারের ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। আজ হারলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া। ফলে সাগরিকায় আজ টিকে থাকার কঠিন লড়াইয়ে নামছে লাল-সবুজের দল।

বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ:
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং স্পেন্সার জনসন।

মানবকণ্ঠ/ডিআর