Image description

বগুড়া থেকে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রামের কর্মস্থলে ফিরছিলেন জুয়েল রানা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই গাজীপুরের পূবাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। একটি ঘাতক ড্রাম ট্রাকের ধাক্কায় মা-বাবার কোলেই প্রাণ হারাল তাদের একমাত্র শিশুপুত্র সাফোয়ান হোসেন।

শুক্রবার (১৯ জুন) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ঢাকা সিটি বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলার শেরপুর থানার বাংড়া গ্রামের বাসিন্দা মো. জুয়েল রানা (৩৬) তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা (৩০) এবং আড়াই বছর বয়সী ছেলে সাফোয়ান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে পূবাইলের চামুড্ডা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই শিশু সাফোয়ানের মৃত্যু হয়। স্থানীয়রা আহত জুয়েল রানা ও তার স্ত্রীকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর