প্রধানমন্ত্রীর জীবনযাত্রা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে: এমপি আমান
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, স্বয়ং প্রধানমন্ত্রীর জীবনযাত্রা ও নিয়মানুবর্তিতা আমাদের সবার জন্য এক বড় উদাহরণ। রাস্তায় লালবাতি জ্বললে যখন প্রধানমন্ত্রীর গাড়িও থেমে যায়, তখন বুঝতে হবে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই সাধারণ জীবনবোধ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “ক্ষমতার অপব্যবহার করে কারো প্রতি জুলুম বা অত্যাচার করা যাবে না। কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি বরদাশত করা হবে না এবং মাদকের প্রতি থাকতে হবে ‘জিরো টলারেন্স’। এ ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীই হতে পারেন শ্রেষ্ঠ দৃষ্টান্ত। তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনে থেকেও শুধুমাত্র তার আদর্শিক লাইফস্টাইলের কারণে আজ দেশের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলার কয়েক শতাধিক মাদরাসা শিক্ষক অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (বিশ্বকোষ) জাকির হোসাইন ও কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মো. আল-আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments