যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল থেকে তার পেজটি হ্যাক করে ধারাবাহিকভাবে অনলাইন জুয়ার বিজ্ঞাপন পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিমন্ত্রীর ভেরিফায়েড পেজ ‘Aminul Haque’ থেকে প্রথম জুয়ার বিজ্ঞাপন পোস্ট করা হয়। দফায় দফায় চারটি বিজ্ঞাপন পোস্ট করার পর সেগুলো মুছে ফেলা হলেও ৬টা ৩৭ মিনিটের দিকে আবারও তিনটি নতুন বিজ্ঞাপন পোস্ট করা হয়। এসব পোস্টে ইংরেজি ও তুর্কি বর্ণমালায় অনলাইন জুয়ার প্রচারণা চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পেজটি ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়।
এ বিষয়ে প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, "আমার এবং সরকারের সুনাম নষ্ট করতে একটি সংঘবদ্ধ চক্র এই কাজ করছে। পেজটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যাক হওয়া পেজ থেকে প্রকাশিত কোনো বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্টে যেন কেউ বিভ্রান্ত না হন। এসব কর্মকাণ্ডের দায়ভার প্রতিমন্ত্রীর নয়। আইডি পুনরুদ্ধার হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করা হবে।
উল্লেখ্য, দেশের প্রচলিত সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা অনুযায়ী, অনলাইনে জুয়ার বিজ্ঞাপন বা প্রচার চালানো দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের সাজা হিসেবে অনধিক দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানার বিধান রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments