Image description

দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপচেষ্টা চালানো হলেও বর্তমানে রাজনীতিতে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঐতিহাসিক হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শনে যান আসিফ মাহমুদ। সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় তিনি সমসাময়িক রাজনীতি ও আশুরার প্রস্তুতি নিয়ে কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালানো হলেও আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা এখন ভিত্তিহীন। তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।” তিনি আরও অভিযোগ করেন, বিগত ‘ফ্যাসিস্ট সরকার’ ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হুসাইনি দালান ইমামবাড়ার জমি দখলের মতো নিন্দনীয় কাজ করতেও দ্বিধা করেনি।

পবিত্র আশুরা পালন প্রসঙ্গে এনসিপির এই নেতা আশা প্রকাশ করেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় সব কর্মসূচি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে। সেই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন এমন আয়োজনে সরকারের পক্ষ থেকে আরও ব্যাপক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি ইমামবাড়ার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

মানবকণ্ঠ/আরআই