প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় ঘণ্টা বেজে গেল ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পরই টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে পড়া নিশ্চিত হয়।
বাছাইপর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বড় স্বপ্ন নিয়েই বিশ্বমঞ্চে এসেছিল হাইতিয়ানরা। আসরের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারলেও লড়াকু ফুটবল খেলে নজর কেড়েছিল সেবাস্তিয়েন মিনিয়ের শিষ্যরা। আশা ছিল ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্ট আদায় করে নিবে তারা। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই ৩ গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় হাইতি। দ্বিতীয়ার্ধে প্রাণপণ চেষ্টা চালালেও আর সমতায় ফেরা সম্ভব হয়নি।
গ্রুপ পর্বের সমীকরণ অনুযায়ী, নিজেদের শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে জয় পেলেও হেইতির সর্বোচ্চ পয়েন্ট হবে ৩। ইতোমধ্যে গ্রুপ 'সি'-তে ব্রাজিল ও মরক্কো ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে থাকা স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় হেড-টু-হেড হিসেবেও পিছিয়ে আছে হাইতি। ফলে গ্রুপে তৃতীয় হওয়ার কোনো সুযোগ না থাকায় প্রথম দল হিসেবে হাইতির বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হলো।
বাছাইপর্বের ছন্দ বিশ্বকাপে ধরে রাখতে না পারা এবং অভিজ্ঞতার অভাবে বড় মঞ্চ থেকে দ্রুতই বিদায় নিতে হলো হাইতিকে।
মানবকণ্ঠ/ডিআর




Comments