Image description

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বান্নুর মেরকা বেরা এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি ছিল সড়কের পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী আইইডি বা বোমা। হাতি খেল গ্রাম থেকে বান্নুর দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান এই বিস্ফোরণের কবলে পড়ে। এতে ভ্যানের ভেতরে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রথম বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এ সময় উদ্ধারকাজে অংশ নেওয়া দুজন ব্যক্তি নিহত হন। এছাড়া একটি উদ্ধারকারী যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং আরও ৩ জন গুরুতর আহত হন। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে দ্রুত বান্নুর খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলেছে দেশটির নিরাপত্তা বাহিনী। হামলার পেছনে কারা জড়িত বা এর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকাটিতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলা ও বিস্ফোরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সন্ত্রাসী তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

মানবকণ্ঠ/ডিআর