Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফর নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। শনিবার (২০ জুন) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, এই সফরে মুক্তবাণিজ্য চুক্তি এবং শ্রমবাজারের দীর্ঘদিনের সংকট নিরসনসহ একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকের মূল লক্ষ্য হবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য সুযোগ বৃদ্ধি এবং বিদ্যমান জটিলতা দূর করা। এছাড়া দেশটির শীর্ষস্থানীয় বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষ করে ২৩ জুন কুয়ালালামপুর থেকেই সরাসরি চীনের বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে দুই দেশের মধ্যে অন্তত ১৩টি সমঝোতা স্মারক (MoU) ও দুটি চুক্তি স্বাক্ষরের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বেইজিংয়ে মূলত তিস্তা প্রকল্পসহ সমন্বিত নদী ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হবে।

গত ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রথম গন্তব্য হিসেবে ভারত বা চীনকে সরাসরি বেছে না নিয়ে মালয়েশিয়াকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর