বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণকে আবারও ‘অনিবার্য বিপ্লবের’ জন্য প্রস্তুত হতে হবে।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি কোনো আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত করে, তবে জনগণ তা মেনে নেবে না। তিনি দাবি করেন, আধিপত্যবাদ রুখতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত প্রস্তুত রয়েছে।
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুশইনের নামে একটি প্রতিবেশী দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে বিজিবি ও জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আমরা চাই না কোনো প্রতিবেশীর শান্তি নষ্ট হোক, কিন্তু কেউ যদি বাংলাদেশের দিকে কালো হাত বাড়ায়, তা ভেঙে দেওয়া হবে।”
যুবসমাজকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, প্রস্তাবিত এই আন্দোলন বা ‘বিপ্লব’ কোনো দল বা পরিবারের ক্ষমতায় যাওয়ার জন্য নয়; বরং একটি স্বাধীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, তারা জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে। পাশাপাশি অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণেল (অব.) ড. অলি আহমদ এবং মাওলানা মামুনুল হক।
এছাড়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাসির উদ্দীন পাটোয়ারী, রাশেদ প্রধান ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা।




Comments