Image description

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো প্রান্তিক পর্যায়ের কৃষক। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।

শনিবার (২০ জুন) বিকাল ৫টায় হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত একটি কৃষি বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’।

প্রতিমন্ত্রী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষি ও কৃষকের গুরুত্ব অনুধাবন করেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্যও কৃষিখাতকে এগিয়ে নেওয়া। কৃষকদের সহায়তায় সারা দেশে কৃষি কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা সুলভ মূল্যে সার, বীজ ও কৃষিপণ্য নিতে পারবে এবং সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ করতে পারবে।

প্রতিমন্ত্রী দাবি করেন, প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রান্তিক কৃষকদের উৎসাহিত করবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য মিনি হিমাগার স্থাপনের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।