লক্ষ্য ছিল ১২৪ রান। শুরুটা একেবারেই পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। ৭ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে তারা সহজ জয়ের দিকেই এগোচ্ছিল। মনে হচ্ছিল, ম্যাচটা তাদের হাতেই।
কিন্তু ক্রিকেটের সৌন্দর্যই হলো অপ্রত্যাশিত নাটক। ঠিক সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল বাংলাদেশ নারী দল। একের পর এক চাপ তৈরি করে, দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেয় তারা।
শনিবার সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ করে ৬ উইকেটে ১২৩ রান। জবাবে পাকিস্তান ৮ উইকেটে ১০০ রানে থেমে যায়। ফলে ২৩ রানের দারুণ ও স্মরণীয় জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
পাকিস্তানের ইনিংস শুরু হয়েছিল দারুণভাবে-মুনিবা আলী ও গুল ফিরোজার ঝড়ো জুটি দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। কিন্তু এরপরই হঠাৎ করেই ধস নামে তাদের ব্যাটিংয়ে। নাহিদা আক্তার ও সোবহানা মেঘলাদের নিয়ন্ত্রিত ও ধারাবাহিক বোলিংয়ের সামনে পাকিস্তান একের পর এক উইকেট হারায়। মাত্র ৩৫ রানের ব্যবধানে পড়ে যায় ৮ উইকেট, আর সেখানেই শেষ হয়ে যায় তাদের লড়াই।
এই হারে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নও বড় ধাক্কা খেল, টানা তিন পরাজয়ে কার্যত বিদায় নিশ্চিত হওয়ার পথে তারা।
অন্যদিকে, বাংলাদেশের জন্য এই জয় অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ধাক্কা সামলে আজকের এই জয় সেমিফাইনালের আশাকে আবারও জাগিয়ে তুলল নিগার সুলতানা জ্যোতির দলের জন্য।




Comments