Image description

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হতে চলেছেন—এমন গুঞ্জন এখন সামাজিক মাধ্যমে তুঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, ঘনিষ্ঠ সূত্রে এমন ইঙ্গিত মিললেও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি অভিনেত্রী বা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরুর পক্ষ থেকে।

সম্প্রতি সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদযাপনের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তার শারীরিক উপস্থিতি দেখে অনেকে বেবি বাম্পের ইঙ্গিত পেয়েছেন বলে দাবি করেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে, যা গুঞ্জনকে আরও জোরালো করে।

সামান্থা ও রাজ নিদিমোরুর পরিচয় হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর কাজের সময়। পরে একাধিক প্রকল্পে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে তারা বিয়ে করেন বলে জানা যায়।

সামান্থার কর্মজীবনে সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’, যার চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু ও ভাসন্ত মারিংগান্তি। এছাড়া তিনি বর্তমানে কাজ করছেন নতুন ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ, যেখানে আরও অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত।

অভিনয়জীবনের পাশাপাশি সামান্থার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর আগে তিনি দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহিত ছিলেন; চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ ঘটে।

এদিকে সামান্থার সম্ভাব্য মাতৃত্ব নিয়ে ভক্তদের আগ্রহ বাড়লেও, বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।

মানবকণ্ঠ/আরআই