ওয়ানডে সিরিজে হারের ক্ষত দগদগে থাকতেই টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হারের সেই পুরনো ক্ষোভ যেন এবার সুদে-আসলে মিটিয়ে নিল মিচেল মার্শের দল। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল লাল-সবুজের দল।
রোববার (২১ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে মাত্র ১০৯ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই ছিল আসা-যাওয়ার মিছিল। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ ছিল মাত্র ২২ রান। ৩৬ রান তুলতেই সাজঘরে ফেরেন অর্ধেক ব্যাটসম্যান। তানজিদ হাসান (৫), সাইফ হাসান (১), পারভেজ ইমন (১) ও নুরুল হাসান সোহানদের (৬) ব্যর্থতার দিনে স্রোতের বিপরীতে একা লড়াই করেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তার ৫১ বলে ৩টি চার ও ছক্কায় সাজানো ৬১ রানের ইনিংসে ভর করেই একশ পার করে বাংলাদেশ। এছাড়া রিশাদ হোসেন করেন ১৬ রান। দলের বাকি নয় ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পেন্সার জনসন ছিলেন বিধ্বংসী। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।
১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তাণ্ডব চালান অজি অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করেন তিনি। জস ইংলিশ ১৭ এবং টিম ডেভিড মাত্র ৩ বলে ২ ছক্কায় ১২ রান করে অপরাজিত থাকেন। ৫৪ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় পায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই জয়ের মাধ্যমে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করল অস্ট্রেলিয়া। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ পেল বাংলাদেশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments