বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার মৌখিক পরীক্ষা বা ভাইভা নম্বর ২০০-তে ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি স্পষ্ট করে বলেন, ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে বর্তমান ১০০ নম্বরের পদ্ধতিই বহাল থাকবে।
রোববার (২১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বর একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস ভাইভার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে চলমান ৪৭তম বিসিএস থেকেই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। একইভাবে বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএস পরীক্ষাতেও ১০০ নম্বরের ভাইভা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২০২৫ সালের মে মাসে সংশোধিত বিধিমালার মাধ্যমে এই পরিবর্তন স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগামী ৫০তম বিসিএসসহ ভবিষ্যতের সব বিসিএস পরীক্ষাতেই ভাইভা ১০০ নম্বরের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।
সরকারের মতে, এই পরিবর্তনের ফলে বিসিএস পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও বৈষম্যহীন হবে এবং পরীক্ষার্থীদের মধ্যে আস্থা বাড়বে।




Comments