Image description

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের শান্তি আলোচনা চলাকালীনই ইরানকে ফের হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহকে “ঝামেলা সৃষ্টি করা” থেকে ইরান বিরত না রাখলে ইরানের ওপর আবারও শক্তিশালী হামলা চালানো হতে পারে।

ট্রাম্প লেখেন, “ইরানকে অবশ্যই লেবাননে তাদের বিপুল অর্থপুষ্ট প্রক্সিদের অবিলম্বে ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত রাখতে হবে। তারা যদি তা না করে, তাহলে আমরা গত সপ্তাহের মতোই ইরানের ওপর আবারও খুব জোরালো আঘাত হানব। তবে এবার আঘাত হবে আরও শক্তিশালী।”

এরই মধ্যে দক্ষিণ লেবাননে কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছিল। শনিবার পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়। পরে ইসরায়েলি বাহিনীকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ কমানোর নির্দেশ দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

অন্যদিকে, গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত কমানোর বিষয় অন্তর্ভুক্ত ছিল। সেই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে নতুন দফা শান্তি আলোচনা শুরু হয়।

আলোচনার শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, লেবাননে যুদ্ধবিরতি ধরে রাখতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পরিস্থিতি উন্নয়নে তারা আশাবাদী।

তবে ট্রাম্পের এই নতুন হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এএফপি।