Image description

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। আমরা উভয় দেশই মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছি।" 

তিনি আরও জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এখন সরকারের অগ্রাধিকার।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা এবং যৌথ কমিশন বৈঠক নিয়মিত করার বিষয়েও সম্মতি এসেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে সে দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান। তিনি বলেন, "আমরা একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলছি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করছি।"

শ্রমবাজার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং দ্রুততম সময়ে শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত করার জন্য আমি অনুরোধ করেছি। এছাড়া অনিয়মিত কর্মীদের চাকরি স্থায়ীকরণ এবং ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।" 

তিনি জোর দিয়ে বলেন যে, নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও সাশ্রয়ী, যাতে মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য কমে এবং কর্মীদের খরচ হ্রাস পায়।

রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মালয়েশিয়া পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে। এ ছাড়া আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তিনি জানান, বাংলাদেশ আসিয়ানের (ASEAN) সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে চায় এবং আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে।

মানবকণ্ঠ/ডিআর