Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক সমঝোতা হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি নিজে থেকে সরে না যায়, তবে ২০০০ সালে লেবানন থেকে যেভাবে তারা অপমানিত হয়ে পিছু হটতে বাধ্য হয়েছিল, সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে।

সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসমাইল কানি বলেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত রাখে, তবে তাদের চরম পরাজয়ের মধ্য দিয়ে বিতাড়িত করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আপনারা যদি স্বেচ্ছায় দক্ষিণ লেবানন থেকে সরে না যান, তবে ২০০০ সালের সেই মহাকাব্যের পুনরাবৃত্তি আবার ঘটবে। ওই বছর ইসরায়েল লেবানন থেকে চরম লাঞ্ছনা নিয়ে পালিয়েছিল। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে।"

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই আলোচনার গতিপ্রকৃতি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ‘তাসনিম নিউজ এজেন্সি’র দাবি, ট্রাম্পের হুমকির পর ইরানি প্রতিনিধি দল এক পর্যায়ে আলোচনার টেবিলে ফিরতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় পরোক্ষভাবে বার্তা আদান-প্রদান অব্যাহত থাকে। অন্যদিকে, আলোচনায় অংশ নেওয়া এক মার্কিন কূটনীতিক দাবি করেছেন, ইরানিরা কখনোই আলোচনা ছেড়ে যায়নি এবং গভীর রাত পর্যন্ত হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি ও পরমাণু ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা চলেছে।

মার্কিন এক কর্মকর্তার তথ্যমতে, উচ্চপর্যায়ের এই আলোচনা সোমবার শেষ হওয়ার কথা রয়েছে। তবে কারিগরি কমিটিগুলো চুক্তির খুঁটিনাটি ও সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়গুলো চূড়ান্ত করতে আরও কিছুদিন সেখানে অবস্থান করবে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ীভাবে শত্রুতা বন্ধ করা।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছরের দখলদারিত্বের পর ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল ইসরায়েলি বাহিনী। লেবাননে প্রতি বছর ২৫ মে সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘মুক্তি দিবস’ পালন করা হয়। ইসমাইল কানি মূলত সেই ঐতিহাসিক পরাজয়ের কথাই ইসরায়েলকে মনে করিয়ে দিলেন।

মানবকণ্ঠ/ডিআর