কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর নির্দিষ্ট কর্মকর্তাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।
সোমবার (২২ জুন ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা এই বিশেষ ক্ষমতা পাবেন। একই সঙ্গে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার আওতায় থাকবেন।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এই ক্ষমতা দেওয়া হয়েছে। এর আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ১০০, ১০৭, ১১০, ১২৬, ১২৭, ১৩০ ও ১৪২সহ বিভিন্ন ধারায় ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এই বিশেষ ক্ষমতা ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় কার্যকর থাকবে।
সরকার জানিয়েছে, ২২ জুন থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত বছরও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল।




Comments