ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনে অবস্থিত কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন খুব দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা বহু মানুষ আটকে পড়েন। প্রাণ বাঁচাতে অনেক শিক্ষার্থীকে প্রথম তলা থেকে নিচে লাফ দিতে দেখা যায়। এক ব্যক্তিকে নিচে পড়ে যেতে দেখার ঘটনাও এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনাস্থলটি একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা হওয়ায় সেখানে কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর দোকানসহ (পেট শপ) একাধিক দোকান ছিল। আগুন লাগার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। প্রশাসন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।




Comments