Image description

স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে হারলেও ইতিহাস গড়েছে কানাডা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে উত্তর আমেরিকার দলটি।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাতে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই রুবিন ভার্গাস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৫৭তম মিনিটে ইয়োহান মানজাম্বি ব্যবধান দ্বিগুণ করে সুইসদের জয় অনেকটাই নিশ্চিত করে দেন।

প্রথমার্ধে দুই দলই খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি। গোলের সুযোগও ছিল সীমিত। বিরতির আগে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোর একটি শক্তিশালী শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো।

তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের চিত্র পাল্টে যায়। বিরতির মাত্র এক মিনিট পর ইয়োহান মানজাম্বির বাড়ানো বল থেকে গোল করেন রুবিন ভার্গাস। এরপর ৫৭তম মিনিটে নিজেই গোল করে ব্যবধান ২-০ করেন মানজাম্বি।

ম্যাচের ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৭৬ সেকেন্ড পর প্রমিস ডেভিড গোল করে কানাডাকে ম্যাচে ফেরার আশা দেখান। তার গোলে ব্যবধান কমে ২-১ হলেও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠে। অন্যদিকে পরাজিত হলেও নকআউট নিশ্চিত হওয়ায় স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে কানাডা।

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারায় নিজেদের মাঠের সুবিধা হারিয়েছে কানাডা। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আর নিজেদের সমর্থকদের সামনে খেলার সুযোগ পাবে না তারা। তবুও প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া কানাডার জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন হয়ে থাকবে।