তীব্র তাপপ্রবাহে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ইউরোপ। ইতালিতে তাপদাহের কারণে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে যুক্তরাজ্যে (ব্রিটেন) ভেঙে গেছে বিগত ৪৯ বছরের মধ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ইউরোপের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৪ ২৪ জুন) ব্রিটেনের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা দেশটির ইতিহাসে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড। এর আগে ১৯৭৬ সালে সাউদাম্পটনে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অন্যদিকে, ইতালিতে তীব্র গরমে নতুন করে আরও চারজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। পরিস্থিতি বিবেচনায় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানী রোমসহ ১৬টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা 'রেড অ্যালার্ট' জারি করেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
তীব্র গরমের কারণে ইতালির ফ্লোরেন্সের বিখ্যাত শিল্পকলা জাদুঘরের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে, যার ফলে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। অতিরিক্ত লোডের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং ব্যাহত হচ্ছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। শুধু ব্রিটেন বা ইতালি নয়, স্পেনেও জুন মাসের গড় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে, যেখানে পারদ ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুপ্রবাহের কারণেই ইউরোপজুড়ে এই চরম আবহাওয়া তৈরি হয়েছে, যা আগামীতে পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, এই তাপপ্রবাহ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আবহাওয়াবিদদের আশঙ্কা, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও অস্বাভাবিক বেশি থাকবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
মানবকণ্ঠ/আরআই




Comments