Image description

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া এক বক্তব্যে এই ঘোষণা দিয়ে তিনি বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী বলেন, চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। প্রক্রিয়াটিকে আরও দ্রুততর করতে এবং আগ্রহীদের কাছাকাছি থেকে নিয়মিত যোগাযোগের লক্ষ্যেই চীনে এই বিশেষ কার্যালয় খোলা হচ্ছে। বাংলাদেশ বর্তমানে এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জড়তা দূর করতে তার সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে, যার ফলে এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে।

তিনি আরও জানান, বিদেশী বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা পাবেন। বিশেষ করে চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে। নবায়নযোগ্য জ্বালানি, আইটি, উন্নত বস্ত্রশিল্প ও ফার্মাসিউটিক্যালস খাতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।

মানবকণ্ঠ/আরআই