Image description

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশটির বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে বেজে ওঠে শ্রদ্ধার সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি সম্মান জানান।

এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, চীন সফরের অংশ হিসেবে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর