খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনায় ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু দলের সদস্য সাকাত সরদার (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন, তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৬ জুন) রাতে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত সাকাত সরদারের বাড়ি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। আহতরা হলেন একই ইউনিয়নের তেতুলতলা গ্রামের রবিউল ইসলাম (৫০) এবং বামিয়া গ্রামের ইস্রাফিল হোসেন (৩৫)।
গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকাত সরদারকে মৃত ঘোষণা করেন। পরে আহত রবিউল ইসলাম ও ইস্রাফিল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, কোস্ট গার্ডের সদস্যরা তিনজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে সাকাত সরদার হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তার শরীরে গুলির চিহ্ন ছিল। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এদিকে, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।




Comments