আগামীকাল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জানুন জরুরি কিছু নির্দেশনা
দীর্ঘ ১৪ মাস বিরতির পর আগামীকাল রোববার (২৮ জুন) সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূর করার লক্ষ্যে আয়োজিত এই বিশেষ কর্মসূচি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে কোন শিশুরা এই ক্যাপসুল পাবে এবং কাদের দেওয়া যাবে না, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
কারা ক্যাপসুল পাবে না:
ক্যাম্পেইন চলাকালে সাধারণত ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। তবে নিচের ক্ষেত্রে ক্যাপসুল খাওয়ানো নিষেধ:
১. ৬ মাসের কম বয়সি শিশু: যেসব শিশুর বয়স এখনও ছয় মাস পূর্ণ হয়নি।
২. সম্প্রতি ক্যাপসুল খাওয়া শিশু: গত এক মাসের (২৮-৩০ দিন) মধ্যে অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে এমন শিশু।
৩. গুরুতর অসুস্থ শিশু: শিশু যদি গুরুতর অসুস্থ থাকে বা হাসপাতালে ভর্তি থাকে, তবে সুস্থ হওয়ার আগে তাকে ক্যাপসুল দেওয়া যাবে না।
অসুস্থ থাকলেও ক্যাপসুল পাবে যারা:
অনেক অভিভাবক মনে করেন সামান্য অসুস্থতায় ক্যাপসুল দেওয়া যাবে না। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে—হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা সাধারণ অপুষ্টি থাকলেও শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে। এতে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।
বয়সভেদে ক্যাপসুলের রং:
ক্যাম্পেইনে বয়স অনুযায়ী দুই রঙের ক্যাপসুল ব্যবহার করা হবে:
নীল রঙের ক্যাপসুল: ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের জন্য।
লাল রঙের ক্যাপসুল: ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের জন্য।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় অপরিহার্য। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments