Image description

বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি সাহসী ও সময়োপযোগী বাজেট পেশ করেছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। 

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাসহ নানা বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মাঝেও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার একটি বিশাল বাজেট প্রণয়ন করেছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এমন বাস্তবমুখী বাজেট উপস্থাপনের জন্য আমি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই।”

বাজেট আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ভূয়সী প্রশংসা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”

সফল বিদেশ সফরের মাধ্যমে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরির জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এর আগে স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বাজেটের ওপর সাধারণ আলোচনা চললে বিরোধী দলীয় সদস্যরাও এতে অংশ নেন।

মানবকণ্ঠ/ডিআর