Image description

মার্কিন মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিহ এলাকায় এ হামলার কথা নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)।

এনএনএ জানায়, নাবাতিহ আল-ফাওকা এলাকার ‘ফারাহ অ্যামিউজমেন্ট পার্ক ইন্টারসেকশন’ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান।

গত কয়েক মাস ধরে লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মধ্যে নিয়মিত রকেট ও বিমান হামলার ঘটনা ঘটেছে। সীমান্ত পরিস্থিতির অবনতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার (২৬ জুন) উভয় পক্ষ একটি নিরাপত্তা সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তি কার্যকরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার ঘটনায় শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি চুক্তি বাস্তবায়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করতে পারে।

তবে এই হামলার কারণ বা লক্ষ্য সম্পর্কে এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সূত্র: আল জাজিরা