আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলা সংক্রমণের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণা করার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশের আগে সব আন্তর্জাতিক যাত্রীকে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য স্বঘোষণাপত্র (হেলথ সেলফ-ডিক্লারেশন) জমা দিতে হবে।
স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি উল্লেখ করতে হবে।
ভারত সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রবেশ প্রক্রিয়া আরও কার্যকর এবং সহজ হবে।
কর্তৃপক্ষের মতে, সংক্রামক রোগের বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




Comments