ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় ঘরে ঢুকে কাজল আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে ইসমাইল মাস্টারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কাজল আক্তার কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে মুখে টেপ পেঁচিয়ে দেয়। মাথায় আঘাতের চিহ্নসহ তাকে নিথর অবস্থায় পাওয়া যায়। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় অবস্থান করছিল।
সকালে স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।
নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এস এম মিজানুর রহমান, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন, ঘটনাস্থলের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে প্রত্যুষ কুমার মজুমদার জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Comments